পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: অভিযানে ৮ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ সদর দপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর শুরু হওয়া অভিযান শেষ হয়েছে। অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় পুলিশ বিভাগ (সিপিও)।
শনিবার এক বিবৃতিতে সিপিও জানায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ওই আট জঙ্গি নিহত হয়েছে। নিহত সবাই নিষিদ্ধ সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে দাবি করা হয়েছে।
এর আগে শুক্রবার খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে পুলিশ সদর দপ্তরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩১ জন নিহত এবং আরও ১০৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজ চলাকালে হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে কোহাটের পুলিশ সদর দপ্তরের মসজিদের প্রবেশদ্বারে সজোরে ধাক্কা দেয়। এরপরই বিকট বিস্ফোরণ ঘটে। এতে মসজিদের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় অন্তত ছয়জন হামলাকারী নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
হামলার কয়েক ঘণ্টা পর এর দায় স্বীকার করে বিবৃতি দেয় টিটিপি।
খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে বলেন, অভিযানে নিয়মিত পুলিশের পাশাপাশি এলিট ফোর্সের কমান্ডো এবং কাউন্টার টেররিজম বিভাগের কয়েকটি পুলিশ দল অংশ নেয়।
আইজিপি আরও জানান, মসজিদটিতে এমন একটি স্থানে হামলা চালানো হয়েছে, যেখান থেকে কোহাট জেলা আদালতের প্রধান ফটক খুব কাছেই। হামলার পর দেশজুড়ে পুলিশ লাইনের আশপাশের সব দপ্তর ও জেলা আদালত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া কোহাট জেলায় অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের সব প্রবেশ ও বের হওয়ার পথে পুলিশ চৌকি বসানো হয়েছে। এসব পথে চলাচলকারী ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।