হুথিদের দুটি ঘাঁটি দখলের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর কাছ থেকে দুটি কৌশলগত অবস্থানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার আনাদোলুকে আল-নুমান বলেন, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা ফ্রন্টে হুথি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষের পর আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী।
তিনি দাবি করেন, সংঘর্ষে হুথিদের জনবল ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি হুথিদের সহায়তায় আসা শক্তিবর্ধক বাহিনীর ওপরও হামলা চালানো হয়েছে।
আল-নুমান আরও জানান, তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার আল-হারথা গ্রামে হুথিদের আরও কয়েকটি অবস্থান ও সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে সরকারি বাহিনী।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল-আঘবারা ফ্রন্টটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। লাহজ ও তাইজ প্রদেশের মধ্যবর্তী অবস্থানে হওয়ায় এলাকাটি দুই প্রদেশের বিভিন্ন ফ্রন্টের সঙ্গে সামরিকভাবে সংযুক্ত।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। হুথিরা দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।