শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক

    কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে থেকে বাকি সাজা ভোগের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির রাজা সুলতান ইব্রাহিমের দেওয়া শর্তসাপেক্ষ ক্ষমার আওতায় এই সুবিধা পেয়েছেন তিনি।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইনজীবীরা জানান, গৃহবন্দিত্বের শর্ত অনুযায়ী নাজিবকে ৫ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে। পাশাপাশি রাজকীয় ক্ষমার সঙ্গে নির্ধারিত অন্যান্য সব শর্তও তাকে মেনে চলতে হবে।

    এই সিদ্ধান্ত অনুযায়ী, নাজিব ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত নিজ বাড়িতে থেকে বাকি কারাদণ্ড ভোগ করতে পারবেন। তবে ক্ষমার কোনো শর্ত লঙ্ঘন করলে গৃহবন্দিত্বের সুবিধা বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে অবিলম্বে কারাগারে ফিরে গিয়ে বাকি সাজা ভোগ করতে হবে।

    ৭৩ বছর বয়সী নাজিব রাজাক বর্তমানে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি (1MDB)–সংক্রান্ত দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন। এই কেলেঙ্কারিতে রাষ্ট্রীয় তহবিলের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে এবং ঘটনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত হয়।

    ২০২০ সালের জুলাইয়ে ১এমডিবির সাবেক সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল থেকে অর্থ আত্মসাতের মামলায় নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দেশটির ক্ষমা বোর্ড তার সাজা কমিয়ে ছয় বছর করে। একই সঙ্গে জরিমানার পরিমাণও ৫ কোটি রিঙ্গিতে নির্ধারণ করা হয়।

    এর আগে গত বছরের শেষ দিকে নাজিবের বাকি সাজা কারাগারের পরিবর্তে বাড়িতে ভোগের আবেদন নাকচ করেছিলেন মালয়েশিয়ার একজন বিচারক। এবার রাজকীয় ক্ষমার আওতায় তাকে গৃহবন্দিত্বের সুযোগ দেওয়া হলো।

    বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের আগস্টে এই মামলায় নাজিব রাজাকের কারাদণ্ড শেষ হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত শর্ত ভঙ্গ করলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হতে পারে।


    সূত্র: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন