মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক ছুটি কাটাতে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন ট্রাম্প। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার সেখানে আরও একদিন থাকার কথা ছিল। তবে হঠাৎ করেই তিনি ওয়াশিংটনে ফিরে আসেন। কেন নির্ধারিত সময়ের আগে তিনি ফিরে এসেছেন, সে বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইরান-সমর্থিত হুথিরা ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এ ছাড়া রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আগুন লাগার খবরও পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও দেশটির কয়েকটি দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘এই সামরিক সংঘাত দ্রুত বড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।’
মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটিতে যাওয়া বা এর মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা ‘গুরুতরভাবে পুনর্বিবেচনা’ করার পরামর্শও দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় সৌদি আরবে ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলার কথাও বলা হয়েছে।
সূত্র: সামা টিভি