মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের ৫০০ রুপি জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) জম্মুর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষাপ্রতিষ্ঠানটির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর আইআইএম জম্মুতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এতে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল। অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের ডিন বা ছাত্র পরিষদের পক্ষ থেকে শৃঙ্খলাভঙ্গের নোটিশ পাঠানো হয়।
নোটিশে অনুপস্থিত শিক্ষার্থীদের নির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে বলা হয়। সেখানে উল্লেখ করা হয়, কেবল শারীরিক অসুস্থতার ক্ষেত্রে অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ জন্য ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ‘সঞ্জীবনী’ থেকে চিকিৎসাসংক্রান্ত প্রমাণপত্র এবং চিকিৎসকের বিশ্রামের পরামর্শ জমা দিতে হবে।
১৮ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে ৫০০ রুপি জরিমানা করা হবে বলেও নোটিশে জানানো হয়।
ভারতে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে দেশটির বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও মোদির জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের খবর পাওয়া যায়।
আইআইএম জম্মুর এই নোটিশ প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় আসে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ নসীর হুসেন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রচার-প্রচারণা থেকে দূরে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তবে বিতর্কের মধ্যে আইআইএম জম্মু কর্তৃপক্ষ বলেছে, কোনো শিক্ষার্থীর কাছ থেকেই প্রকৃতপক্ষে জরিমানা আদায় করা হয়নি। প্রতিষ্ঠানের এক মুখপাত্রের দাবি, বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে উপস্থাপন করা হচ্ছে।
মুখপাত্র বলেন, পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের সামগ্রিক বিকাশে সহায়তা করে।
একই সঙ্গে বিতর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করার নিয়মটি পর্যালোচনা করতে শিগগিরই বৈঠক করার কথা জানিয়েছে আইআইএম জম্মু কর্তৃপক্ষ।