সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে জয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোট শেষে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বর ও আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং থেকে ডিআইটি রোড পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সাধারণ যানবাহনের প্রবেশ সীমিত থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা এলাকা থেকে রাজউক ও গুলিস্তানমুখী বাসগুলোকে দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী বাসগুলোকে বিকল্প সুবিধাজনক সড়ক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
বিকল্প হিসেবে জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর ও ইত্তেফাক হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহন এসব বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাময়িক যানজট ও চলাচলে বিঘ্ন এড়াতে নগরবাসীকে নির্ধারিত সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ।