দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোট গণনা শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে সিইসি ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টা ১০ মিনিটের দিকে স্পিকার ও ডেপুটি স্পিকার প্রথম ব্যালট বাক্সে ফেলেন। ভোট দেওয়ার পর স্পিকার বিরোধীদলীয় সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
বেলা ২টা ১২ মিনিটের দিকে ভোট দেন প্রধানমন্ত্রী। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি বিরোধীদলীয় সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এরপর সরকারি দলের সংসদ সদস্যরা ভোট দেন।
বেলা ২টা ২০ মিনিটের দিকে ভোট দেন বিরোধীদলীয় নেতা। এরপর বিরোধী দলের সদস্যরা ভোট দেন। ভোটকক্ষে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় ও ছবি তুলতে দেখা যায়। বেলা ৩টার মধ্যে কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষ হয়।
ফুল দিয়ে শুভেচ্ছা
ভোট গণনা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যও একে একে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।