বাংলাদেশ আর কখনো নতজানু রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ভবিষ্যতে আর কখনো ‘ক্লায়েন্ট স্টেট’ বা নতজানু রাষ্ট্রে পরিণত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে জাতীয় স্বার্থ এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির প্রধান দর্শন ‘বাংলাদেশ ফার্স্ট’। তার ভাষায়, “আমরা আর কখনো ক্লায়েন্ট স্টেটের অবস্থায় ফিরে যাব না। এটি শুধু একটি নীতিগত অবস্থান নয়, বরং আমাদের সবার দায়িত্ব।”
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের অর্জন ধরে রাখা এবং সেই চেতনা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দায়িত্ব পালনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ড. খলিলুর রহমান জানান, সরকারে যোগ দেওয়ার আগে তিনি আহত আন্দোলনকারীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, আন্দোলনে আহত ও নিহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।
তিনি আরও বলেন, সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, একসময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্ব হারাতে বসেছিল। তবে এখন দেশটি আবারও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ফিরে আসছে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা।
পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই পরিবর্তন দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন।
তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের মাধ্যমে দেশ নতুন এক সম্ভাবনার পথে এগিয়েছে। এখন সেই অর্জনকে দায়িত্বশীলতা, দক্ষতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।
তিনি ফরেন সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শহীদদের আত্মত্যাগের কথা সবসময় মনে রেখে দেশের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।