গণঅভ্যুত্থানের নায়ক জনগণ, ইতিহাস সত্যনিষ্ঠভাবে সংরক্ষণ করতে হবে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং দেশের গণতন্ত্রকামী জনগণের সম্মিলিত সংগ্রামের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই আন্দোলনের প্রকৃত নায়ক জনগণ এবং তাদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে নির্ভুলভাবে তুলে ধরতে হবে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অসংখ্য মানুষ গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনে বহু ছাত্র-জনতা, নারী ও শিশু প্রাণ হারান এবং হাজারো মানুষ আহত হন। তাদের স্মৃতি সংরক্ষণ ও সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব।
প্রধানমন্ত্রী জানান, নতুন এই জাদুঘর শুধু একটি স্মৃতিসৌধ নয়; এটি গণতান্ত্রিক আন্দোলন, জনগণের সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বৈরাচারবিরোধী ইতিহাস সংরক্ষণের একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তিনি ভবিষ্যতে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের দলিলও এখানে সংরক্ষণের আহ্বান জানান।
ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অসম্পূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ইতিহাসকে দুর্বল করে। তাই গবেষণাভিত্তিক ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জাদুঘরকে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের জন্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিসহ অন্যান্য ভাষায় তথ্য উপস্থাপনেরও পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত অপরাধের বিচার আইনের যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ এবং আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকার পুনর্গঠনমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।