সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

অপরাজিত জাপানের সামনে এবার ব্রাজিল পরীক্ষা

অপরাজিত জাপানের সামনে এবার ব্রাজিল পরীক্ষা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার পথে ধারাবাহিক অগ্রগতি দেখিয়ে যাচ্ছে জাপান। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর এবার অষ্টমবারের মতো আসরটিতে খেলছে এশিয়ার দেশটি। একই সঙ্গে টানা তৃতীয় বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিয়ে নতুন এক ধারাবাহিকতারও প্রমাণ দিয়েছে দলটি।

গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ ৩২-এ ওঠা জাপানের সামনে এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। আজ রাতে টেক্সাসের হিউস্টনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে জাপান। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন প্রধান কোচ হাজিমে মরিয়াসু।

তিনি বলেন, নিজেদের যোগ্যতায় সরাসরি নকআউট পর্বে ওঠাটা দলের জন্য বড় অর্জন। অন্য দলের ফলাফলের ওপর নির্ভর না করে নিজেদের পারফরম্যান্সে পরবর্তী রাউন্ড নিশ্চিত করায় তিনি খেলোয়াড়দের প্রশংসা করেন।

রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২ বিশ্বকাপেও জাপান শেষ ষোলোতে উঠেছিল। তবে দুইবারই কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি দলটি। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরিয়াসুর শিষ্যরা।

ব্রাজিলকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও ভয় পাচ্ছেন না জাপানের কোচ। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলতে পারলে জাপানেরও জয়ের সুযোগ রয়েছে।

মরিয়াসু বলেন, ব্রাজিলের মতো বড় দলের বিপক্ষে খেলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষের দুর্বল দিকগুলো কাজে লাগিয়ে নিজেদের সেরাটা দিতে পারলে জাপানও ইতিবাচক ফল অর্জন করতে পারে।

বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে এবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে জাপান। এশিয়ার প্রতিনিধিরা বিশ্বাস করছে, দলগত ফুটবল ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে চমক দেখানো সম্ভব।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ