হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক অভিযানের পর এ হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে।
ট্যাংকারটির ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বস্তুটি জাহাজের কমান্ড সেন্টারের কাছে আঘাত করলেও সব নাবিক নিরাপদ রয়েছেন। এছাড়া এ ঘটনায় কোনো ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার কারণ ও উৎস জানতে তদন্ত চলছে।
এর আগে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক অভিযান চালায়। এর জবাবে ইরানও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে।
বাহরাইনের ড্রোন হামলার অভিযোগ
এদিকে বাহরাইন দাবি করেছে, শনিবার সকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানায়।
বাহরাইনের দাবি, হামলায় একাধিক ড্রোন ব্যবহার করা হলেও সেগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, এই হামলা সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে এবং অঞ্চলে উত্তেজনা কমানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা