শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কাঁটাবনের বহুতল ভবনে আগুন, দগ্ধ দুই যুবকের মৃত্যু

কাঁটাবনের বহুতল ভবনে আগুন, দগ্ধ দুই যুবকের মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মো. জনি (২৪) ও মো. আবদুস সালাম (২০)। তাদের মধ্যে আবদুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী (ক্লার্ক) হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে জনি ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (২৭ জুন) রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার অভিযানে গুরুতর দগ্ধ অবস্থায় দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দগ্ধদের নিয়ে আসা নাজমুল সরোয়ার জানান, নিহত আবদুস সালামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বড় ভাদাহার এলাকায়। তিনি মো. সেলিম সরকারের ছেলে। অপরদিকে জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে। তিনি বাবুল মিয়ার ছেলে। কর্মসূত্রে তারা ওই ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করতেন।

শনিবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন জানান, আগুনে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও পরে তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন