জীবনসঙ্গী নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। বিশেষ করে প্রেম ও বিয়ে প্রসঙ্গে ভক্তদের কৌতূহল সবসময়ই বেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন তিনি।
কিছুদিন আগে অভিনেতা ইয়াশ রোহান-এর সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়ালেও সেটিকে আবারও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ইয়াশ শুধুই একজন ঘনিষ্ঠ বন্ধু।
তটিনী বলেন, ‘ইয়াশ আমার খুব ভালো বন্ধু। যদি সত্যিই কোনো সম্পর্ক থাকত, তাহলে সেটি ব্যক্তিগতভাবেই রাখতাম। তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই।’
বিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই তাড়াহুড়ো করে নয়, সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান।
তিনি বলেন, ‘আমি তখনই বিয়ে করব, যখন এমন একজন মানুষকে পাব, যিনি আমাকে, আমার পরিবারকে এবং আমার পেশাকে সম্মান করবেন।’
তটিনীর বিশ্বাস, শুধু ভালোবাসা নয়, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, মানসিক স্বস্তি এবং বোঝাপড়া সমানভাবে জরুরি।
তিনি আরও বলেন, ‘আমার কাছে শুধু ভালোবাসার মানুষ নয়, ভালো রাখার মানুষ বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যখন সঠিক সময়ে সঠিক মানুষকে আমার জীবনে নিয়ে আসবেন, তখনই বিয়ে করব।’
ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও তটিনীর বক্তব্য পরিষ্কার—তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি তাঁর ব্যক্তি-পরিচয়, পরিবার এবং অভিনয়জীবনকে সমান গুরুত্ব ও সম্মান দেবেন। তাই আপাতত বিয়ের চেয়ে সঠিক মানুষের অপেক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।