২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ সময় হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ শিশু।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০৭ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৮৬৯ জন। সব মিলিয়ে একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ জন এবং পরীক্ষায় নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।