শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল

    গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুমের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অপরাধীদের প্রভাব বা অবস্থান যাই হোক, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।

    শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘মায়ের ডাক’ আয়োজিত গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্য দোষীদের প্রকাশ্য বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এই অপরাধের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাবান হোক না কেন, সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।

    সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং কথিত ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একসময় যারা নিজেদের ক্ষমতার দাপট দেখিয়েছেন, তাদেরও জবাবদিহির আওতায় আসতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।

    গুম হওয়া পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এসব পরিবারের সন্তানদের শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। আগামী বাজেটে তাদের জন্য বিশেষ ভাতার প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি।

    তিনি আরও বলেন, স্বজন হারানোর শোক কোনো আর্থিক সহায়তায় পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের দায়িত্ব হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সন্তানদের স্বাভাবিক জীবন ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা।

    সম্প্রতি গুম হওয়া পরিবারের কয়েকজন সন্তান জাতীয় সংসদ পরিদর্শনের পর তার সঙ্গে সাক্ষাৎ করেছেন উল্লেখ করে তিনি জানান, তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

    বক্তব্যের শেষাংশে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরাচারী প্রবণতা বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। গুমের মতো মানবিক ইস্যুতে রাজনৈতিক বিভাজন নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠাই সবার লক্ষ্য হওয়া উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন