ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
শুক্রবার প্রধানমন্ত্রীর মিডিয়া উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির সংবাদে বাংলাদেশ গভীরভাবে মর্মাহত। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, দুর্যোগে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছে বাংলাদেশ। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণ ও সরকারের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে তিনি দুর্যোগ মোকাবিলা এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য শক্তি ও সাহস কামনা করেন।
উল্লেখ্য, ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং কয়েক সেকেন্ড পর দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। ভূপৃষ্ঠের অল্প গভীরতায় উৎপন্ন হওয়ায় দুটি ভূমিকম্পেই ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে, এ দুর্যোগে অন্তত ২৩৫ জন নিহত এবং ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।