সাফে আজ ভারতের চ্যালেঞ্জ, জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ অন্যতম আকর্ষণীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনাল নিশ্চিত হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই হওয়ায় ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি পয়েন্ট তালিকার হিসাবের চেয়ে আত্মবিশ্বাস ও আধিপত্যের লড়াই হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন সাবিনা খাতুন, রূপনা চাকমাসহ দলের ফুটবলাররা। গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল, বলের দখল ধরে রাখা এবং বিভিন্ন ম্যাচ পরিস্থিতি নিয়ে অনুশীলন করেন তারা।
অনুশীলনের শেষ পর্যায়ে প্রধান কোচ পিটার বাটলার বিশেষভাবে কৌশলগত অবস্থান ও সেট-পিস বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। দলের সব খেলোয়াড় সুস্থ ও ফিট থাকায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামতে পারছে বাংলাদেশ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পিটার বাটলার বলেন, বর্তমান বাংলাদেশ দল আগের তুলনায় অনেক বেশি পরিণত ও শক্তিশালী। তার মতে, দলে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা একক দক্ষতায় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।
তিনি আরও বলেন, ভারত আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে, তবে বাংলাদেশও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষমতা রাখে। দল যেমন প্রয়োজন হলে রক্ষণে দৃঢ় থাকতে পারে, তেমনি আক্রমণেও সুযোগ তৈরি করে গোল আদায় করার সামর্থ্য রয়েছে।