তারেক বিন জিয়াদের হাতে গড়া মরক্কোর প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ

মরক্কোর শেফশাউন প্রদেশের শারাফাত গ্রামে অবস্থিত ঐতিহাসিক তারেক বিন জিয়াদ মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং ইসলামি শিক্ষা, দাওয়াত এবং মুসলিম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। অষ্টম শতাব্দীর শুরুতে প্রখ্যাত মুসলিম সেনাপতি ও তৎকালীন টাঙ্গিয়ারের গভর্নর তারেক বিন জিয়াদ এই মসজিদ প্রতিষ্ঠা করেন বলে ইতিহাসবিদদের ধারণা।
মরক্কোর সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম এই স্থাপনায় প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত নিয়মিত নামাজ আদায় হয়ে আসছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ইসলামি শিক্ষা বিস্তারের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। মসজিদসংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু আলেম, গবেষক ও ধর্মপ্রচারক তৈরি হয়েছেন।
সাদা-নীল মিনার এবং লাল টালির ছাদে নির্মিত মসজিদটির স্থাপত্যশৈলী মরক্কোর ঐতিহ্যবাহী নকশার অনন্য উদাহরণ। এর আশপাশে ছড়িয়ে থাকা কিছু ধ্বংসাবশেষকে প্রাচীন স্থাপনার অংশ বলে মনে করা হয়, যা মসজিদের ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
কোরআন শিক্ষার ঐতিহ্য
প্রতিষ্ঠার পর থেকেই এখানে ঐতিহ্যবাহী পদ্ধতিতে কোরআন হিফজের শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে উপনিবেশিক আমলে মসজিদটি উত্তর মরক্কোর ধর্মীয় শিক্ষার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আগত দরিদ্র শিক্ষার্থীদের খাদ্য ও অন্যান্য ব্যয় বহন করতেন স্থানীয় দানশীল পরিবারগুলো।
স্থানীয়ভাবে এই সহায়তা ব্যবস্থাকে বলা হতো ‘মারুফ’। শিক্ষার্থীরা মসজিদের আবাসিক কক্ষে থাকতেন এবং স্থানীয় পরিবারগুলো তাদের খাবারের দায়িত্ব নিত। এর ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরাও ধর্মীয় শিক্ষা অর্জনের সুযোগ পেতেন।
জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র
একসময় এই মসজিদে একসঙ্গে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করতেন। কোরআন, হাদিস, ফিকহ, তাফসির, আরবি ভাষা, আকাইদ ও তাজবিদসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। মসজিদের শিক্ষাব্যবস্থা মরক্কোর ইসলামি জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ছিল।
ইতিহাসে খ্যাতিমান বহু আলেম ও ফকিহ এই মসজিদের সঙ্গে যুক্ত ছিলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে পরে বিচার বিভাগ, শরিয়াহ শিক্ষা ও সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আন্দালুস বিজয়ের স্মৃতিবাহী স্থাপনা
শারাফাত অঞ্চলটি রিফ পর্বতমালার দুই পাহাড়ের মাঝে অবস্থিত হওয়ায় এটি সামরিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। আন্দালুস (স্পেন) অভিযানের আগে তারেক বিন জিয়াদের সেনাবাহিনীর অন্যতম সমাবেশস্থল ছিল এই এলাকা। স্থানীয়দের ইসলাম গ্রহণের পর তাদের ধর্মীয় প্রয়োজন মেটাতে মসজিদটি নির্মাণ করা হয়।
ইতিহাসবিদদের মতে, এই অঞ্চলের বহু মানুষ তারেক বিন জিয়াদের সেনাবাহিনীতে যোগ দিয়ে পরবর্তী ইসলামি অভিযানে অংশ নিয়েছিলেন।
স্বাধীনতা সংগ্রামে ভূমিকা
শুধু ধর্মীয় শিক্ষা নয়, মরক্কোর স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই মসজিদ। ১৯২০-এর দশকে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্থানীয় মুজাহিদরা এখানেই বৈঠক করে বিভিন্ন অভিযান পরিকল্পনা করতেন।
ঐতিহাসিক আল-কুল্লা যুদ্ধের পরিকল্পনাও এই মসজিদকে কেন্দ্র করেই হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। সেই যুদ্ধে স্প্যানিশ বাহিনী উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
ঐতিহ্য সংরক্ষণ ও বর্তমান বাস্তবতা
মসজিদটির ঐতিহাসিক গুরুত্বের কারণে বিভিন্ন সময়ে সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ২০১৯ সালে মরক্কোর সংস্কৃতি মন্ত্রণালয় এটিকে জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়।
তবে একই বছরে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার যুক্তিতে মসজিদসংলগ্ন ঐতিহ্যবাহী ধর্মীয় ইনস্টিটিউটটি বন্ধ করে দেওয়া হয়। ফলে বহু শতাব্দীর পুরোনো শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় কিছুটা ভাটা পড়ে।
স্থানীয়দের মতে, এই মসজিদ মুসলিম ইতিহাস, জ্ঞানচর্চা ও আধ্যাত্মিকতার এক অমূল্য সম্পদ। তাই এর ঐতিহাসিক মর্যাদা রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সূত্র : আরবি পোস্ট