ব্রাজিল বনাম মরক্কো, কঠিন পরীক্ষায় সেলেসাওরা

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে বাড়তি উন্মাদনা। টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও বাংলাদেশের দর্শকদের নজর মূলত দুই দলের প্রথম ম্যাচের দিকেই থাকে। সেই ধারাবাহিকতায় আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
শনিবার দিবাগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা কাটিয়ে নতুন লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নামছে সেলেসাওরা। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো আবারও বড় চমক দেখানোর আশায় টুর্নামেন্ট শুরু করছে।
ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে এবং প্রতিটি আসরেই অংশ নেওয়ার রেকর্ড তাদের। তবে ২০০২ সালের পর আর শিরোপা জিততে না পারায় দীর্ঘদিন ধরেই ট্রফির খরা কাটানোর অপেক্ষায় আছে তারা।
বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে দল গুছিয়ে নিয়েছে ব্রাজিল। বাছাইপর্বে মিশ্র পারফরম্যান্স থাকলেও সাম্প্রতিক সময়ে তারা ধারাবাহিক জয়ের ধারায় ফিরেছে, যা দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।
অন্যদিকে মরক্কো এখন বিশ্বের অন্যতম ফর্মে থাকা দলগুলোর একটি। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া দলটি গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফিফা র্যাঙ্কিংয়েও শীর্ষ দলের কাছাকাছি অবস্থানে রয়েছে।
দুই দলের শেষ মুখোমুখি সাক্ষাতে জয়ের স্বাদ পেয়েছিল মরক্কো, যা আজকের ম্যাচকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। ফলে গ্রুপ পর্বে শুভ সূচনা করতে দুই দলই মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে।