আর্জেন্টিনার খেলা কখনো মিস করি না: মেহজাবীন

ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও বইছে উন্মাদনার হাওয়া, তখন প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক বলে পরিচিত।
বিশ্বকাপ প্রসঙ্গে মেহজাবীন বলেন, আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা কখনো কমেনি, ভবিষ্যতেও কমবে না। বিশেষ করে লিওনেল মেসির খেলা তিনি নিয়মিত অনুসরণ করেন এবং বিশ্বকাপের মঞ্চে মেসিকে খেলতে দেখার অনুভূতি তার কাছে সবসময়ই বিশেষ।
তিনি জানান, শুধু সমর্থন নয়, একসময় কোপা আমেরিকায় আর্জেন্টিনার খেলা সরাসরি স্টেডিয়ামে বসেও উপভোগ করেছেন। পরিবারের বেশিরভাগ সদস্যও আর্জেন্টিনার সমর্থক হওয়ায় বড় কোনো ম্যাচ এলেই ঘরে উৎসবের আমেজ তৈরি হয়।
মেহজাবীন বলেন, “আমি সব সময় আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসির বড় ভক্ত আমি। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কখনো মিস করি না। এবারের আসরেও পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে ম্যাচগুলো উপভোগ করার পরিকল্পনা রয়েছে।”
আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী মনে করেন, বর্তমান দলটি শুধু পারফরম্যান্সেই নয়, মানসিক দিক থেকেও বেশ শক্ত অবস্থানে রয়েছে। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারলে এবারের বিশ্বকাপ ট্রফিও আর্জেন্টিনার হাতে উঠতে পারে বলে বিশ্বাস তার।
বিশ্বকাপের উন্মাদনার মধ্যে মেহজাবীনের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।