লন্ডন উৎসবে শর্টফিল্ম পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

গত বছর কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ে আলোচনায় আসে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। প্রথম বাংলাদেশি শর্টফিল্ম হিসেবে উৎসবের স্বর্ণপামের প্রতিযোগিতায় অংশ নিয়ে ছবিটি স্পেশাল মেনশন অর্জন করে। এরপর বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং একাধিক পুরস্কারও জিতে নেয়।
এবার ‘আলী’ নতুন সাফল্য পেল যুক্তরাজ্যে। ‘সাউথ বাই সাউথওয়েস্ট লন্ডন উৎসব’-এ শর্টফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি। উৎসব কর্তৃপক্ষ গতকাল এ পুরস্কার ঘোষণা করে।
ঘোষণায় বলা হয়, উপকূলীয় অঞ্চলে নারীদের গান গাওয়ার নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি জুরি বোর্ডের কাছে গভীরভাবে প্রভাব ফেলেছে।
পুরস্কার হিসেবে নির্মাতা আদনান আল রাজীব তার পরবর্তী প্রজেক্টের জন্য ১০ হাজার ডলার মূল্যের পোস্ট-প্রোডাকশন সুবিধা পাবেন।
জুরি সদস্যরা মন্তব্য করেন, একজন নির্মাতার প্রথম চলচ্চিত্রেই এমন নতুন ধারার গল্প ও নির্মাণশৈলী দেখা সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়।
এদিকে পুরস্কার জয়ের খবরটি ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক আদনান আল রাজীব। তিনি লেখেন, “‘আলী’ আবারও পুরস্কার জিতেছে—এটা দারুণ খবর। উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ।”
উল্লেখ্য, ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।