নেটফ্লিক্সে শীর্ষে উঠছে মাধুরী দীক্ষিতের ‘মা বেহেন’, দর্শক প্রতিক্রিয়ায় প্রশংসার ঢল

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত অভিনীত ছবি ‘মা বেহেন’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৪ জুন মুক্তির পর থেকেই ছবিটি প্ল্যাটফর্মটির গ্লোবাল নন-ইংলিশ চলচ্চিত্রের তালিকায় দ্রুত উপরের দিকে উঠে এসেছে এবং বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকার শীর্ষে রয়েছে স্প্যানিশ ছবি ‘দ্য মার্কড ওম্যান’। তবে ‘মা বেহেন’-এর প্রতি দর্শকের আগ্রহ ও আলোচনা অব্যাহত থাকায় এটি শিগগিরই প্রথম স্থানে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাধুরী দীক্ষিত বলেন, গল্পের মানবিক আবেগ, হাস্যরস এবং বাস্তবধর্মী উপস্থাপন তাকে শুরু থেকেই আকৃষ্ট করেছিল। তার মতে, দর্শকরা চরিত্রগুলোর পারিবারিক সম্পর্ক, আবেগ এবং জটিল পরিস্থিতির সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছেন, যা তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
ছবিটিতে মাধুরীর সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। তার একটি গুরুত্বপূর্ণ মনোলগ ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তৃপ্তি দিমরি জানান, চরিত্রের আবেগ ও অভ্যন্তরীণ যন্ত্রণাকে বোঝার জন্য তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছিলেন।
পরিচালক সুরেশ ত্রিবেণীর এই ছবির গল্প একটি মধ্যবিত্ত পরিবারের ঘটনাকে কেন্দ্র করে। এতে দেখা যায়, সিঙ্গেল মাদার রেখা (মাধুরী দীক্ষিত) ও তার দুই মেয়ে জয়া (তৃপ্তি দিমরি) এবং সুষমা (ধর্ণা দুর্গা) এক অপ্রত্যাশিত ঘটনায় জড়িয়ে পড়ে, যখন তাদের বাড়িতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। এরপর ঘটনাটি গোপন ও সামাল দিতে গিয়ে পরিবারটি একের পর এক হাস্যকর, জটিল ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়।
ছবিটিতে আরও অভিনয় করেছেন রবি কিষাণ, গীতাঞ্জলি কুলকার্নি, অরুণোদয় সিং এবং শার্দুল ভরদ্বাজ।