৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু, স্বর্ণ পামের দৌড়ে স্বাধীন সিনেমার লড়াই

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় রাত ১১টায়। এবারের আসরে স্বর্ণ পাম জয়ের লড়াই ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক উত্তেজনা, যেখানে প্রাধান্য পাচ্ছে স্বাধীন ধারার চলচ্চিত্র।
যুদ্ধ, শোক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সমসাময়িক ও বৈচিত্র্যময় বিষয়কে কেন্দ্র করে নির্মিত ২২টি চলচ্চিত্র এবার মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে। হলিউডের বড় স্টুডিওগুলোর অনুপস্থিতি এবারের আসরকে আরও বেশি স্বাধীন চলচ্চিত্রনির্ভর করে তুলেছে। ফলে স্পষ্ট কোনো ফেভারিট না থাকায় স্বর্ণ পাম জয়ের প্রতিযোগিতা আরও উন্মুক্ত হয়ে উঠেছে।
উৎসবের উদ্বোধনীতে থাকছে না বড় বাজেটের কোনো ব্লকবাস্টার সিনেমা, যা অতীতে কানকে আলোচনায় রাখত। সমালোচকদের মতে, বড় স্টুডিওগুলো এখন ঝুঁকি এড়াতে উৎসবে অংশগ্রহণে সতর্ক অবস্থান নিয়েছে। তবে তারকাদের উপস্থিতি থাকছে উল্লেখযোগ্যভাবে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন বারব্রা স্ট্রাইস্যান্ড এবং পরিচালনায় অভিষেক হচ্ছে জন ট্রাভোল্টার।
প্রতিযোগিতার তালিকায় রয়েছেন একাধিক খ্যাতিমান নির্মাতা। স্পেনের পেদ্রো আলমোদোভার নিয়ে এসেছেন ‘বিটার ক্রিসমাস’, আর হাঙ্গেরির লাসলো নেমেশ উপস্থাপন করেছেন ‘মুলাঁ’। ইরানের আসগর ফারহাদি ফিরেছেন ফরাসি ভাষার ছবি ‘প্যারালাল টেলস’ নিয়ে, যেখানে অভিনয় করেছেন ইজাবেল উপের। জাপানের রিয়ুসুকে হামাগুচি নির্মাণ করেছেন ‘অল অব অ্যা সাডেন’, যা বার্ধক্য ও যত্নের মানবিক দিক তুলে ধরে।
যুক্তরাষ্ট্র থেকে জেমস গ্রে পরিচালিত ‘পেপার টাইগার’-এ আবারও একসঙ্গে দেখা যাবে স্কারলেট জোহানসন ও অ্যাডাম ড্রাইভারকে। অন্যদিকে অস্কারজয়ী রামি মালেক অভিনয় করেছেন ‘দ্য ম্যান আই লাভ’-এ, যেখানে উঠে এসেছে ১৯৮০’র দশকের নিউইয়র্কে এইচআইভি/এইডস সংকটের বাস্তবতা।
সাবেক স্বর্ণ পাম জয়ীরাও ফিরেছেন এবারের আসরে। জাপানের হিরোকাজু কোরে-এদা উপস্থাপন করেছেন ‘শিপ ইন দ্য বক্স’, যেখানে শোক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংমিশ্রণ দেখা যাবে। রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউর ‘ফিয়র্ড’ নির্মিত হয়েছে পারিবারিক সম্পর্ক ও নরওয়ের প্রত্যন্ত অঞ্চলের প্রেক্ষাপটে।
রাজনৈতিক আবহও এবারের আসরে প্রতিফলিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্রে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিশি ফ্রান্সের মতো ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে একাধিক ছবি। তবে আয়োজকেরা চলচ্চিত্রের শিল্পগুণ ও গল্প বলার দিকেই মূল গুরুত্ব রাখছেন।
২৩ মে সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে স্বর্ণ পাম বিজয়ীর নাম। ৩০ জুন ও ২ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ৫ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।