নতুন জীবনের সঙ্গী খুঁজছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকেকে পেছনে ফেলে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
নির্বাচনে ১০৮টি আসন পেয়ে টিভিকে এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে তারা ১০টি আসন কম পেয়েছে। ফলে এখন সরকার গঠনের জন্য দলটিকে জোট রাজনীতির দিকে যেতে হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় যেতে হলে বিজয়কে ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) অথবা এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের সমর্থনের ওপর নির্ভর করতে হবে। বিশ্লেষক বিজয়ানন্দ বলেন, সাধারণত রাজ্যপাল একক বৃহত্তম দলকে সরকার গঠনের সুযোগ দেন। তবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে টিভিকেকে ছোট দলগুলোর সমর্থন নিতে হবে এবং পরে বিধানসভায় আস্থা ভোটে টিকে থাকতে হবে। অন্যথায় দ্বিতীয় বৃহত্তম জোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল।
এদিকে টিভিকে সূত্র জানিয়েছে, আগামীকালই শপথ নিতে পারেন থালাপতি বিজয়। দলটির প্রচার সম্পাদক নানজিল পি সাম্পাত দাবি করেন, বাকি সমর্থন “স্বাভাবিকভাবেই” এসে যাবে। কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতৃত্বকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ শোডনকার। তিনি বলেন, বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব—মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে জানানো হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।