নাটকের নতুন পর্বে চোখের পানি ফেলল দর্শক

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ শেষের দিকে এসে আরও বেশি আলোচনায় উঠে এসেছে। ৪৯তম পর্বে এমন এক আবেগঘন মোড় দেখা গেছে, যা দর্শকদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
এই পর্বে ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামির (খায়রুল বাসার)-এর বাবার মৃত্যুর দৃশ্য দেখানো হয়। গল্পের এই করুণ মুহূর্তেই যেন ভেঙে পড়ে দর্শকের মন।

সম্প্রচারের পর থেকেই সামাজিক মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়ার ঢল নেমেছে। দর্শকদের অনেকেই লিখেছেন, “এভাবে কাঁদালেন কেন!” কেউ জানিয়েছেন, “কখন যে চোখে পানি এসে গেছে, বুঝতেই পারিনি।” আবার অনেকেই বলছেন, এই পর্বটি এতটাই কষ্টের ছিল যে চোখের পানি ধরে রাখা সম্ভব হয়নি।
শুধু প্রতিক্রিয়াতেই নয়, ভিউয়ের দিক থেকেও দারুণ সাড়া ফেলেছে এপিসোডটি। ইউটিউবে প্রকাশের মাত্র ৪৯ মিনিটেই এটি মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। আর ১ ঘণ্টা ৪৯ মিনিটে রিয়েল-টাইম ভিউ দাঁড়ায় ২ মিলিয়নে-যা নাটকটির তুমুল জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়।
ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত।
জানা গেছে, ৫২ পর্বে শেষ হবে এই ধারাবাহিক। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট হলেও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে শেষ পর্বটি করা হচ্ছে দেড় ঘণ্টাব্যাপী। তবে টেলিভিশনের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সরজনিত সীমাবদ্ধতার কারণে আগের পর্বগুলোর দৈর্ঘ্য বাড়ানো সম্ভব হয়নি।
পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন কমে যাওয়ার অভিযোগের মধ্যেই ভিন্নধর্মী গল্প দিয়ে দর্শকের মন জয় করেছে এই নাটকটি। পারিবারিক বন্ধন, সম্পর্কের উষ্ণতা এবং বাস্তব জীবনের আবেগঘন উপস্থাপনাই ‘এটা আমাদেরই গল্প’-কে এনে দিয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।
গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-এ প্রচার শুরু হয় ধারাবাহিকটির। পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও নিয়মিত প্রকাশ করা হয়েছে প্রতিটি পর্ব। দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা পেয়েছে নাটকটি।
দৈএনকে/জে, আ