সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনা কমিটি ঘিরে তীব্র বিতর্ক

কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনা কমিটি ঘিরে তীব্র বিতর্ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন মডার্ন হাই স্কুলের মব গঠিত পরিচালনা কমিটিতে সাম্প্রতিক একজন বাদে মনোনীত ঘিরে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মনোনীত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড সামনে এনে সচেতন মহল এসব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে, যা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সারের নাম। অভিযোগ রয়েছে, তাকে মডার্ন হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বআ দেওয়া হয়েছে। অথচ দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাধিকবার মেয়র পদে নির্বাচন করার কারণে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এই পদে বসানোর সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো—তা নিয়ে নানা মহলে বিস্ময় ও প্রশ্ন দেখা দিয়েছে।

একই কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. সালাউদ্দিনের মনোনয়নও বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি জামায়াতের একজন সক্রিয় রোকন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন পরিচয়ের একজন ব্যক্তিকে শিক্ষাঙ্গনের প্রতিনিধিত্বে অন্তর্ভুক্ত করা কতটা যুক্তিযুক্ত—তা নিয়েও সমালোচনা চলছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, এতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

অভিভাবক প্রতিনিধি হিসেবে জালাল উদ্দিন খান (বাদল)-এর অন্তর্ভুক্তিও সমালোচনা থেকে রেহাই পায়নি। তাকে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে সমালোচকরা বলছেন, কমিটিতে রাজনৈতিক ভারসাম্য রক্ষা না করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা না আসায় প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

অন্যদিকে, কুমিল্লায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন সময় জেল-জুলুম সহ্য করা বহু নেতাকর্মী থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে বলে জানা গেছে।

এছাড়া অভিযোগ রয়েছে, টেকনোক্র্যাট কৃষিমন্ত্রী হাজী ইয়াসীন তার শ্যালক নিজাম উদ্দিন কায়সারকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে প্রভাব বিস্তার করছেন। সিটি করপোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, এমনকি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়মিত যোগাযোগ ও তদবিরের মাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, টেকনোক্র্যাট কৃষিমন্ত্রী হাজী ইয়াসীন তার শ্যালক নিজাম উদ্দিন কায়সারকে নিয়ে কুমিল্লার জেলা প্রশাসক, সিটি করপোরেশন, জেলখানা সহ বিভিন্ন দপ্তরে সরাসরি বিভিন্ন মিটিং করতেও সব সময় দেখা যায়। এতে কুমিল্লার বিএনপির রাজনৈতিক ব্যক্তিদের মতে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক ও প্রশাসনিক নিরপেক্ষতা ও সুশাসনের জন্য উদ্বেগ জনক।

সার্বিক পরিস্থিতিতে কুমিল্লার সচেতন নাগরিক সমাজ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। তাদের মতে, মডার্ন হাই স্কুলের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা, নিরপেক্ষতা ও সর্বজন গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন