সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় যুবক খুন

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় যুবক খুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের বর্বর হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাস্তার মাথা এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাতে সাতকানিয়া মডেল মসজিদের সামনে নিজের দোকানে বসে ছিলেন শাহাদাত। এমন সময় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১০-১৫ জন মুখোশধারী ব্যক্তি সেখানে উপস্থিত হয়। তারা লাঠি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে শাহাদাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে আসতে চাইলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত এলাকা ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, "আমার ছোট ভাইকে দোকানের ভেতর নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

চট্টগ্রাম জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, শাহাদাত একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর নামে রাজনৈতিক মামলাও ছিল। তবে পুলিশের প্রাথমিক ধারণা, মাদক সংক্রান্ত পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে থাকতে পারে। শাহাদাতের বিরুদ্ধে সাতকানিয়া ও নগরের কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন