মঙ্গলবার থেকে ১১ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক ফুয়েল পাস

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং অবৈধ মজুত প্রতিরোধে রাজধানী ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করেছে সরকার। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এই নির্দেশনা কার্যকর হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেল চালকদের কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করতে হবে। এজন্য ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করে কিউআর কোড তৈরি করতে পারবেন। কোডটি মোবাইলে সংরক্ষণ বা প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে এবং ফিলিং স্টেশনে স্ক্যানের মাধ্যমে জ্বালানি নেওয়া যাবে।
প্রাথমিকভাবে এই কার্যক্রম চালু করা হচ্ছে রাজধানীর ১১টি নির্বাচিত ফিলিং স্টেশনে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনেও এটি চালুর পরিকল্পনা রয়েছে।
এর আগে, জ্বালানি খাতে স্বচ্ছতা ও আধুনিকতা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ চালু করে। প্রথমে এটি মোটরসাইকেল চালকদের জন্য পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও পরে ধাপে ধাপে বিস্তৃত করা হচ্ছে।
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ব্যবস্থার ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি ও বিশৃঙ্খলা কমেছে। অনেক পাম্পে অপেক্ষার সময়ও কমে এসেছে।
তবে ব্যবহারকারীদের একাংশ অভিযোগ করেছেন, সার্ভার জটিলতা এবং নির্ধারিত জ্বালানি সীমার কারণে তারা সমস্যায় পড়ছেন। অনেক সময় কিউআর কোড স্ক্যান করতে বিলম্ব হচ্ছে বা সার্ভার ডাউন থাকায় জ্বালানি নিতে পারছেন না।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।