সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৮৯টি হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী রয়েছেন। ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে সৌদি আরবে গিয়ে আরও দুজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন— দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬)। খলিলুর রহমান ২৬ এপ্রিল এবং সেরাজুল হক ২৫ এপ্রিল মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, তারা দুজনেই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

এর আগে ২২ এপ্রিল মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মক্কায় মারা যান। উল্লেখ্য, মারা যাওয়া চারজনই পুরুষ।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার এই কার্যক্রম ৩০ জুন পর্যন্ত চলবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন