সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj

১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে বাংলাদেশ, সম্ভাব্য একাদশে চমক

১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে বাংলাদেশ, সম্ভাব্য একাদশে চমক
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ১৪৬ দিনের বিরতির পর আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় দীর্ঘদিন এই সংস্করণে খেলা হয়নি টাইগারদের। তবে নতুন পরিকল্পনা ও তরুণদের নিয়ে এই সিরিজে ভিন্ন রূপে দেখা যেতে পারে দলকে।

স্কোয়াডে চমক, একাদশে নতুন মুখের সম্ভাবনা
স্কোয়াডে আবদুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডলকে অন্তর্ভুক্ত করে চমক দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পেস বোলিং ইউনিটে পরীক্ষানিরীক্ষার ইঙ্গিত মিলেছে। ম্যাচের আগের দিন অধিনায়ক লিটন দাসও তাদের খেলানোর আভাস দিয়েছেন।সাকলাইন, রিপন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব—এই চার পেসারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে একাদশে জায়গা পাওয়ার জন্য। শরিফুল ইসলামের খেলা প্রায় নিশ্চিত।

ব্যাটিং লাইনআপ প্রায় নির্ধারিত
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে দেখা যেতে পারে সাইফ হাসানকে। তিন নম্বরে অধিনায়ক লিটন দাস, চার নম্বরে পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর জায়গা প্রায় নিশ্চিত।এই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে বেঞ্চে থাকতে হতে পারে।

স্পিন বিভাগেও হিসাব-নিকাশ
তিন স্পিনার শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদের মধ্যে দুজন খেলতে পারেন। ধারণা করা হচ্ছে, রিশাদ ও মেহেদী একাদশে থাকবেন।
ভালো ফর্ম ধরে রাখতে চায় টাইগাররা সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স ইতিবাচক। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও পাকিস্তান, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে দলটি। বিদেশের মাটিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞতাও আছে।
চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় সংগ্রহ গড়ার দিকে নজর থাকবে ব্যাটারদের ওপর।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা
নিউজিল্যান্ড দলটিও তুলনামূলকভাবে অনভিজ্ঞ হলেও তারা লড়াকু। ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে কিউইরা। টি-টোয়েন্টিতেও সমানে সমান লড়াই হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সম্ভাব্য একাদশ
বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন/আবদুল গাফফার সাকলাইন/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড:
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাটেনে ক্লার্ক, ড্যান ক্লিভার, নিক কেলি, বেভান জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডন লেনক্স, ইশ সোধি, বেন লিস্টার/ম্যাট ফিশার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন