রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গোলরক্ষক টার্নারের বাধা টপকাতে পারলেন না মেসি, ড্র নিয়ে মাঠ ছাড়ল মায়ামি

গোলরক্ষক টার্নারের বাধা টপকাতে পারলেন না মেসি, ড্র নিয়ে মাঠ ছাড়ল মায়ামি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লিওনেল মেসির উপস্থিতিতেও ঘরের মাঠে জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। নতুন স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচেও ড্র করল তারা। সর্বশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলিউশনের সঙ্গে ১-১ গোলে সমতায় শেষ হয় এমএলএসের এই ম্যাচটি।

রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মায়ামিকে। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও তারা গোল করতে ব্যর্থ হয়। বিশেষ করে মেসি কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি।

৩৮তম মিনিটে একটি ভালো সুযোগ পেয়েও শট লক্ষ্যভ্রষ্ট হয় তার। কর্নার থেকে সরাসরি গোলের চেষ্টা এবং অতিরিক্ত সময়ের আরেকটি শট নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার সহজেই রুখে দেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলে যায়। ৫৬তম মিনিটে নিউ ইংল্যান্ড এগিয়ে যায়। ডর টুর্গেমানের পাস থেকে বল পেয়ে সাবেক এমভিপি কার্লেস গিল চিপ শটে গোল করেন।

এর কয়েক মিনিট আগেই ইন্টার মায়ামির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত।

পিছিয়ে পড়ার পর আক্রমণ বাড়ায় মায়ামি। অবশেষে ৭৬তম মিনিটে সমতা ফেরায় তারা। লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন গোলরক্ষক টার্নার, তবে ফিরতি বল থেকে জার্মান বের্তেরাম সহজ ট্যাপ-ইনে গোল করেন।

মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরি থেকে যোগ দেওয়া বের্তেরাম ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। শেষ চার ম্যাচে তিন গোল করে তিনি দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ম্যাচ শেষে তিনি বলেন, জয় না পেলেও দল শেষ পর্যন্ত লড়াই করেছে, এটিই ইতিবাচক দিক।

এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামির টানা দুই জয়ের ধারা থেমে যায়। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি টানা ১১ ম্যাচে অপরাজিত রয়েছে। ঘরের মাঠে টানা তিন ম্যাচ ড্র হওয়ায় কিছুটা হতাশা থাকলেও অ্যাওয়ে ম্যাচে তাদের পারফরম্যান্স ভালো।

এখন এমএলএস বিরতির আগে ইন্টার মায়ামির সামনে আরও পাঁচটি ম্যাচ রয়েছে। অরল্যান্ডো, টরন্টো, সিনসিনাটি, পোর্টল্যান্ড ও ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে জয়ের মাধ্যমে ঘরের মাঠের হতাশা কাটাতে চাইবে মেসিরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন