চাঁদপুরে শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল মুন্সী বাড়ির বাসিন্দা এবং স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মুয়াজ্জিন দেলোয়ার হোসেন ওই শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। শিশুর মা জানান, ঘটনার কিছুক্ষণ আগে দেলোয়ার তাদের ঘরে মসজিদের বেতনের টাকা নিতে এসেছিলেন। টাকা না থাকায় তাকে চলে যেতে বললে, ফেরার পথে পাশের ঘরে থাকা শিশুটিকে তিনি নিয়ে যান। পরে শিশুটি ঘর থেকে খুড়িয়ে খুড়িয়ে বেরিয়ে এসে তার মায়ের কাছে নির্যাতনের কথা জানায়।
আটকের পর অভিযুক্ত দেলোয়ার হোসেন নিজের অপরাধ স্বীকার করে বলেন, "আমি ভুল করেছি।" এদিকে স্থানীয় প্রতিবেশী খোরশেদ আলমসহ একাধিক ব্যক্তির অভিযোগ, দেলোয়ার হোসেনের চারিত্রিক রেকর্ড অত্যন্ত প্রশ্নবিদ্ধ। ইতিপূর্বেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক বিকৃত লালসার অভিযোগ উঠেছিল বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সত্যতা নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, "সংবাদ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা সামাজিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। প্রতিটি ঘর থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।