যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান: জাহাজ না ছাড়লে বিপদ অনিবার্য

যুক্তরাষ্ট্রের হাতে জব্দকৃত জাহাজ ছাড়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটি সতর্ক করে বলেছে, তাদের পতাকাবাহী জাহাজ দ্রুত মুক্তি না দিলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।
আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে বলে বিবিসির লাইভে বলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সন্ত্রাসমূলক’ বলে উল্লেখ করা হয়।
বিবিসি জানিয়েছে, ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ইরান।
বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটক রাখা হয়েছে। তেহরান এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সাম্প্রতিক যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করে জাহাজটি ও এর নাবিকদের তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে।
ওমান সাগরে ইরানি জাহাজটি জব্দ করার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগে জানায়, নাবিকেরা ছয় ঘণ্টা ধরে একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন।
তারা আরও জানায়, ডেস্ট্রয়ার স্প্রুয়েন্স জাহাজটিকে ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ দেয় এবং পরে একাধিক কামানের গোলা ছুড়ে ‘তুসকা’ জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের ‘অত্যন্ত বিপজ্জনক পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেছে এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।
এর আগেও জাহাজটি জব্দের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেবে না।
দৈএনকে/জে, আ