নির্ভয়ের গান গাওয়ার সমাজ গড়ার আহ্বান: ছায়ানট সভাপতি

দেশের সাংস্কৃতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক হামলা ও অসহিষ্ণুতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ছায়ানট। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সারওয়ার আলী এ উদ্বেগের কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, এমন একটি সমাজ গড়ে তোলা জরুরি, যেখানে মানুষ নির্ভয়ে গান গাইতে পারে এবং অবাধে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে।
গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের একাধিক ঘটনার উল্লেখ করেন তিনি। এর মধ্যে ছায়ানটের বাদ্যযন্ত্র নষ্ট করা, নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইপত্র ধ্বংস করা এবং একটি সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। পাশাপাশি উদীচী ও বাউলশিল্পীদের ওপর হামলার বিষয়টিও তুলে ধরেন তিনি।
২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত বোমা হামলার স্মৃতিচারণ করে সারওয়ার আলী বলেন, সেই ভয়াবহ ঘটনা এখনো সাংস্কৃতিক আয়োজনে নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে আছে।
তিনি আরও বলেন, সংগীত বাঙালির জীবন, অনুভূতি ও সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু একটি গোষ্ঠী এই সাংস্কৃতিক চর্চাকে দমিয়ে রাখতে চাইছে, যা সমাজে ভয় ও অসহিষ্ণুতা বাড়িয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান সংঘাত ও অস্থিরতার মধ্যে মানুষ শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করছে। নববর্ষের এই দিনে সবারই কামনা—বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক।