টালিপাড়ার বিতর্কে দেবকে সমর্থন প্রসেনজিতের

টালিউডে দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান কালচার’ বিতর্কে নতুন করে উত্তাপ ছড়ালেন সুপারস্টার দেব। শিল্পীদের মধ্যে চলমান ক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই তিনি ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন। সময়সীমা শেষ হওয়ার পরই সামনে আসে নতুন মোড়—অনির্বাণ ভট্টাচার্যের কামব্যাক ঘোষণা, যা টালিপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনায় বার্তা পৌঁছে দিতে দেব সরাসরি ট্যাগ করেন টালিউডের মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যা পুরো ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের বৈঠক শেষে এ বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, দেবের ভাবনাকে তিনি সমর্থন করেন। তবে ৭২ ঘণ্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার ক্ষমতা তার নেই বলেও স্পষ্ট করেন তিনি।
প্রসেনজিৎ জানান, রাহুলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ও ‘ব্যান কালচার’ দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তার ভাষায়, রাহুলের মৃত্যুর তদন্ত ও শিল্পীদের সুরক্ষার দাবিতে তারা একত্রিত হয়েছিলেন, এর সঙ্গে অন্য কোনো দাবি জড়িত নয়।
তিনি আরও বলেন, দেবের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ ধরনের ইস্যু সামনে আনার ক্ষেত্রে কিছুটা সময় নেওয়া উচিত ছিল বলেও তিনি দেবকে পরামর্শ দিয়েছেন।
৭২ ঘণ্টার আল্টিমেটাম প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “এই ধরনের চ্যালেঞ্জ দেওয়ার বা নেওয়ার মতো যোগ্যতা আমার নেই।”
তবে ‘ব্যান কালচার’ প্রত্যাহারের দাবিতে দেবের অবস্থানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও ঋদ্ধি সেনসহ আরও অনেক শিল্পী নিষিদ্ধ রয়েছেন, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান কালচার’-এর তিনি সমর্থক নন। তবে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রসেনজিৎ। তার মতে, সামনে বিধানসভা নির্বাচন থাকায় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন।
দৈএনকে/জে, আ