পরকীয়া গুঞ্জনের মাঝে তৃষার বিয়ের নতুন খবর

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এসব গুঞ্জনে বলা হচ্ছে, তিনি নাকি এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় ছেড়ে দিয়েছেন। এছাড়াও থালাপতি বিজয়-এর সঙ্গে তার সম্পর্ককে নিয়েও নতুন করে আলোচনা হয়েছে।
তৃষা এই গুঞ্জনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ব্যঙ্গ করে লিখেছেন, “আমি নাকি চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে। আমার নাকি চারটি যমজ সন্তান রয়েছে যাদের বয়স এখন দুই বছর! আর কিছু কি বাকি আছে, নাকি আজকের মতো গালগল্পের কোটা পূর্ণ হয়েছে?”
এর আগে বিজয়ের সঙ্গে সম্পর্কের জল্পনা ছড়িয়ে পড়লে তৃষা একটি রহস্যময় বার্তায় লিখেছিলেন, “ভালোবাসাই সবকিছু নয়, অথচ ভালোবাসা ছাড়া কোনো কিছুরই অর্থ নেই।” তার এই পোস্ট ভক্তদের মধ্যে নানা জল্পনার জন্ম দেয়।
অন্য একটি পোস্টে তিনি স্পষ্ট করেন, জীবনের এই পর্যায়ে তিনি আর কোনো বিতর্কে জড়াতে চান না। তার ভাষায়, “তর্কে জেতার চেয়ে মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলাই এখন প্রাধান্য পাচ্ছে।”
একটি ভিডিও বার্তায় তৃষা আরও জানান, অন্যের মতামত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই নিজের জীবনকে ভালোভাবে যাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দুই দশকেরও বেশি সময় ধরে টলিউড ও কলিউডে সমান জনপ্রিয়তা ধরে রাখা তৃষা বর্তমানে দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত তারকা হিসেবেই কাজ করে যাচ্ছেন।
দৈএনকে/জে, আ