সংকটের মধ্যেও শক্ত থাকছেন সেলিনা জেটলি

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে সময় পার করছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ও চলমান বিচ্ছেদের মামলার পাশাপাশি, ২০২৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে তার ভাইয়ের আটক থাকার ঘটনাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
অভিনেত্রীর ভাই একজন ভারতীয় সেনা কর্মকর্তা। এই জটিল পরিস্থিতির মধ্যেও সেলিনা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে মানসিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ঝলমলে ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
সেলিনা বলেন, জীবনের এমন সময় গেছে যখন তিনি একা কেঁদেছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেক সময় মনে হয়েছে সবকিছু ছেড়ে পালিয়ে যাওয়াই একমাত্র উপায়। তবে তিনি সেই পথ বেছে নেননি। বরং নিজের সঙ্গে একাত্ম হয়ে ধীরে ধীরে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “আমাকে যদি সুখে থাকতে, হাসতে দেখেন, তাহলে আমাকে আমার মতো থাকতে দিন। যে রাতগুলো আমি একা কেঁদেছি, তখন কেউ ছিল না। আমি নিজেই টিকে থাকতে শিখেছি।”
অভিনেত্রীর মতে, তার মুখের হাসির পেছনে রয়েছে গভীর যন্ত্রণা ও সংগ্রামের গল্প। তিনি মনে করেন, নিজের কাছে ফিরে এসে মানসিকভাবে নিজেকে সারিয়ে তোলাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, সেলিনা জেটলি গত ১৪ বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। সর্বশেষ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্যাঙ্ক ইউ’ চলচ্চিত্রে তাকে প্রধান চরিত্রে দেখা যায়।
দৈএনকে/জে, আ