মহাকাশ থেকে পৃথিবীর চোখ ধাঁধানো ছবি

প্রায় ৫৪ বছর পর আবারো মানুষ চাঁদের দিকে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ সময় ২ এপ্রিল ভোররাতে যুক্তরাষ্ট্র থেকে চারজন নভোচারী আর্টেমিস ২ মিশনে চাঁদের দিকে রওনা হয়েছেন। তাঁদের দশ দিনের এই রোমাঞ্চকর যাত্রা শুরু হলেও মহাশূন্য থেকে পাঠানো জাদুকরী ছবি ইতিমধ্যেই ভক্ত ও মহাকাশপ্রেমীদের মন জয় করেছে।
ওরিয়ন স্পেসক্রাফটের ভেতর থাকা চারজন নভোচারী – জেরেমি হ্যানসেন, রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ এবং ভিক্টর গ্লোভার – মিশনের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দী করছেন। বিশেষভাবে কমান্ডার রিড ওয়াইজম্যান শুধু নভোচারীই নন, তিনি একজন দক্ষ ফটোগ্রাফারও। তাঁর তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, পৃথিবী সূর্যকে প্রায় পুরোপুরি আড়াল করে একটি মহাজাগতিক ছায়া তৈরি করেছে।
এই ছবিতে জোডিয়াকাল লাইট স্পষ্ট দেখা যাচ্ছে। ছবির ওপরের ডানদিক এবং নিচের বাঁদিকে পৃথিবীর দুই মেরুর অরোরাও ধরা পড়েছে। আরেকটি ছবি দেখাচ্ছে পৃথিবীর বিখ্যাত টারমিনেটর লাইন, যা দিন ও রাতকে আলাদা করে। ছবিতে একপাশে ঝলমলে দিন, অন্যপাশে গভীর রাত – এক অপরূপ দৃশ্য যা মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য ফুটিয়ে তোলে।
নভোচারীরা মিশনের প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ইভেন্টেও অংশ নিয়েছেন। সেখানে তাঁরা হাসিমুখে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং মিশনের প্রস্তুতি, ভ্রমণ ও মহাশূন্যে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
এই মিশন শুধু চাঁদের দিকে মানুষের যাত্রার পুনরায় সূচনা নয়, বরং মহাকাশে নতুন যুগের মানবিক অভিযানের দৃশ্যমান প্রমাণ হয়ে উঠেছে।
দৈএনকে/জে, আ