সিমরিন লুবাবার বাগদান: জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পরই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
লুবাবা পোস্টে জীবনসঙ্গীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, তবে বর-কনের মুখ স্পষ্ট দেখা যায়নি এবং পাত্রের পরিচয়ও গোপন রাখা হয়েছিল। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়ে যায় এবং অনেকেই জানতে চায়, কে হলেন তার জীবনসঙ্গী।
পরবর্তীতে জানা যায়, লুবাবার বাগদান মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুনির। গণমাধ্যমকে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন মেনে নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা হবে। তিনি আপাতত আর কিছু জানাননি এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
মাহমুদ বিন মুনির বর্তমানে কুয়েতে বসবাস করছেন। তার বাবা ব্যবসা করায় তিনি সেখানেই থাকেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধি ব্যবসা রয়েছে। তিনি পবিত্র কুরআন হিফজ করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন এবং ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছেন। মুনির লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে আসেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর নিয়মিত অভিনয় ও মডেলিং করেছেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ তিনি বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। পরে জানা যায়, ধর্মীয় অনুশীলনের প্রতি ঝোঁক ও জীবনধারায় পরিবর্তনের কারণে লুবাবা প্রকাশ্যে আসা কমিয়ে দিয়েছেন।