সিমরিন লুবাবার বাল্যবিবাহ ও বৈধতার প্রশ্ন: বাংলাদেশের আইন কী বলে?

বাংলাদেশের ছোট পর্দার একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা আবারও আলোচনায় এসেছেন। শোবিজ থেকে বিদায় নেওয়ার পর এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। জানা গেছে, মাত্র ১৫ বছর বয়সেই বিয়ে করেছেন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের ইঙ্গিত দেন তিনি।
তবে বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই দাবি করছেন, এটি বাল্যবিবাহ। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। বিভিন্ন তথ্য অনুযায়ী, ২০২১ সালে তিনি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন এবং ২০২৩ সালেও স্কুলে পড়তেন—যা থেকে ধারণা করা হচ্ছে তার বয়স এখনও ১৮ হয়নি। এ বিষয়ে লুবাবা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আজমীর সুমী জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মেয়েদের বয়স ১৮ এবং ছেলেদের বয়স ২১ বছর না হলে বিয়ে বৈধ নয়। বয়স গোপন করে বিয়ে করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আইন অনুযায়ী:
- ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে নিবন্ধন করা যাবে না
- কাজী এ ধরনের বিয়ে নিবন্ধন করলে তার লাইসেন্স বাতিল হতে পারে
- কাজীর রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে আইনগতভাবে বৈধ নয়
- বিদেশে স্ট্যাম্পে সই করে বিয়ে করলেও তা বাংলাদেশে বৈধ নয়, লিভ-টুগেদার হিসেবে গণ্য হতে পারে
শাস্তির বিষয়ে আইনে বলা হয়েছে:
- প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ককে বিয়ে করলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে
- জরিমানা না দিলে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড হতে পারে
- অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সর্বোচ্চ ১ মাস আটক বা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে
অর্থাৎ, যদি বাল্যবিবাহ প্রমাণিত হয় এবং লুবাবার স্বামী প্রাপ্তবয়স্ক হন, তাহলে তার বিরুদ্ধে দুই বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।