রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু: শুটিং দুর্ঘটনার বিস্তারিত

কলকাতার পরিচিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (৪২) রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।
রাহুলের আকস্মিক মৃত্যুতে টালিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একদিকে শোক, অন্যদিকে এই মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নও উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় যখন সবাই আইপিএলের ম্যাচ দেখার অপেক্ষায় ছিল, ঠিক তখনই আসে অভিনেতার মৃত্যুসংবাদ। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল তালসারি সৈকতে। হঠাৎ সমুদ্রের পানিতে তিনি তলিয়ে যান।
ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, শুটিংয়ের সময় রাহুল সহঅভিনেত্রী শ্বেতা-র সঙ্গে পানিতে খেলছিলেন। একসময় রাহুল শ্বেতার হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের ভেতরে এগিয়ে গেলে হাঁটুসমান পানিতে ভারসাম্য হারান। ইউনিটের সদস্যরা তাকে এগোতে বাধা দিলেও পানির স্তর দ্রুত বাড়তে থাকে এবং তিনি হাবুডুবু খেতে শুরু করেন। দ্রুতই ১০–১২ জন ইউনিট সদস্য তাকে উদ্ধার করতে ছুটে যান। নৌকা ও দড়ির সাহায্যে রাহুলকে পানি থেকে তোলা হয়। যদিও তখনও তার জ্ঞান ছিল, পরে দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাহুল দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে সক্রিয় ছিলেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম—সব ক্ষেত্রেই তার অবদান ছিল উল্লেখযোগ্য। সম্প্রতি তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন, যেখানে তার এবং শ্বেতার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া ‘ঠাকুমার ঝুলি’ সিরিজেও তাকে দেখা গেছে।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। থিয়েটার দিয়েই তার অভিনয়জীবন শুরু এবং প্রায় ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। বড়পর্দায় অভিষেক হয় ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ সহ নানা চলচ্চিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজ জায়গা করে নেন।
দৈএনকে/জে, আ