জল্পনা শেষ, ইশা রিখিকে বিয়ে করলেন বাদশা

গত কয়েক বছরের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা এবং পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখি সম্প্রতি বিয়ে করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন ইশার মা পুনম রিখি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামাজিক রীতি অনুযায়ী অনেকটা গোপনেই বিয়ে করেছেন বাদশা ও ইশা। অগ্নিকে সাক্ষী রেখে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছিল। বাদামি রঙের কুর্তা ও সোনালি রঙের সাফা (পাগড়ি) পরেছিলেন গায়ক। আর নববধূ সেজেছিলেন লাল টুকটুকে সালোয়ার স্যুটে।
এদিকে র্যাপার বাদশার বিয়ের বিষয়টি আলোচনায় আসতেই অনেকেই তার প্রথম স্ত্রী সম্পর্কে জানতে চাচ্ছেন। প্রথম স্ত্রী জেসমিন মাসিহ’র সঙ্গে ২০১২ সালে বিয়ে হয়। দীর্ঘ আট বছর পর বিচ্ছেদ হয় তাদের। সেখানে একটি কন্যাও রয়েছে। অন্যদিকে এটি ইশার প্রথম বিয়ে। এই ইশা কে, কী তার পরিচয়―এ নিয়েও আগ্রহ দেখাচ্ছেন কেউ কেউ।
২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেন র্যাপার বাদশাহ। জেসমিন সবসময় প্রচারণা থেকে নিজেকে দূরে রেখেছেন। প্রায় আট বছরের দাম্পত্যজীবন তাদের। ২০২০ সালে বিচ্ছেদ হয় এই জুটির। এই দাম্পত্য সংসারে জেসেমি গ্রেস মাসিহ সিং নামের একটি কন্যাসন্তান রয়েছে। আর বিচ্ছেদের পর ফের লন্ডনে চলে যান জেসমিন।
বাদশা ও জেসমিনের বিয়ের প্রায় পাঁচ বছর পর ২০১৭ সালের জানুয়ারিতে তাদের কোলজুড়ে আসে ফুটফুটে কন্যাসন্তান জেসেমি। বর্তমানে লন্ডনের বাসিন্দা তিনি।
পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ইশা। ‘জাট অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় একটি ছোট চরিত্রের মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় তার। এরপর ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে যাত্রা। এরপর আর থেমে থাকতে হয়নি ইশাকে। অভিনয়ে আসার আগে মডেলিংয়ে যুক্ত ছিলেন তিনি।
২০১৮ সালে ‘নবাবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন ইশা। আর প্রথম সিনেমাতেই বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের পাশাপাশি বাদশাকে একটি বিশেষ দৃশ্যে পেয়ে যান এ অভিনেত্রী।
পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রির কয়েকটি প্রোজেক্টে কাজ করেছেন ইশা। এর মধ্যে ‘হ্যাপি গো লাকি’, ‘আরদাস’, ‘দেশি মুন্ডে’র মতো সুপারহিট সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
দৈএনকে/জে, আ