রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

৩৯তম জন্মদিনে সুখবর পেলেন সাকিব আল হাসান

৩৯তম জন্মদিনে সুখবর পেলেন সাকিব আল হাসান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান জন্মদিনেই পেলেন বড় সুখবর। মঙ্গলবার (২৪ মার্চ) ৩৯ বছর পূর্ণ করা এই অভিজ্ঞ ক্রিকেটারকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবকে কেবল একটি সিরিজ নয়, বরং অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখতে চান তারা। 

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুমন বলেন, সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমিও নিশ্চিত নই। সাকিব কাল এসে পরশু খেলে ফেলবে না। ওর প্রস্তুতির প্রয়োজন আছে। এটি কোনো ইমোশনাল জায়গা না। ও যখন ফিরবে, তখন যেন পুরোপুরি প্রস্তুত হয়েই ফেরে।

সাকিবের বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে আলোচনা থাকলেও প্রধান নির্বাচক মনে করেন, এখনো তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই সে লম্বা সময়ের জন্য আসুক। আমার মনে হয় সাকিবের আরও দুই বছর খেলার সামর্থ্য আছে। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত যেন সে অন্তত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারে।

সুমন আরও বলেন, সাকিব একজন ‘জেনুইন অলরাউন্ডার’, যার উপস্থিতি দলে ভারসাম্য তৈরি করে। ব্যাট ও বল দুই বিভাগেই তার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য বড় সম্পদ বলে মনে করছেন তিনি।

তবে জাতীয় দলে সাকিবের প্রত্যাবর্তন নির্ভর করছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একদিকে তার আইনগত জটিলতার সমাধান, অন্যদিকে মাঠের প্রস্তুতি ও ফিটনেস।

সবকিছু অনুকূলে থাকলে খুব শিগগিরই আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয় এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন