তিন মাসের শিশুর রক্ষায় পরীমণির আহ্বান

চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও, শিশুদের প্রতি তার আলাদা মমতার ভাব রয়েছে। সম্প্রতি তিনি এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। মঙ্গলবার সকালে দেওয়া স্ট্যাটাসে তিনি শিশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরাতে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।
পরীমণি তার পোস্টে জানান, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা। তিনি শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন।
শিশুটির মা পরীমণিকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করে রাখলেও নায়িকা আশা করছেন এই বার্তাটি তার নজরে আসবে। পরীমণি উল্লেখ করেন, আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তোমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।
এদিকে পরীমণির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। এক ভক্ত শিশুটিকে দ্রুত নিরাপদ করার অনুরোধ জানালে উত্তরে পরীমণি জানান, তিনি নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। মন্তব্যকারীদের অনেকেই মা হিসেবে পরীমণির মমত্ববোধের প্রশংসা করেছেন।
দৈএনকে/জে, আ