বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

হাদি হত্যা মামলা: তদন্তে নতুন মোড়, আসামিদের সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার

হাদি হত্যা মামলা: তদন্তে নতুন মোড়, আসামিদের সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

শনিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকার কাছ থেকে এসটিএফ ফিলিপ সাংমাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা ফিলিপ সাংমা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের কাজে জড়িত ছিলেন।

ভারতীয় তদন্তকারীরা জানিয়েছেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ পুলিশের তৎপরতা বাড়লে সাংমা সীমান্তপথে ভারতে পালিয়ে যান। তিনি মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ রেখে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন।

এসটিএফ জানিয়েছে, আদালতে উপস্থাপনের পর তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে ফিলিপ সাংমার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।

এর আগে হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের ক্ষেত্রেও একই ধরনের বার্তা পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো ভারত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ মার্চ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী শহর বনগাঁয় এসটিএফের অভিযানে গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত দেশে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন