ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। এটি ২০২৬ সালের প্রথম সংসদ অধিবেশন। সংসদীয় নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন ডেকতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে এ অধিবেশন আহ্বান করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। নতুন সংসদে সরকার দলীয় নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
সংসদ গঠিত হয়েছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। অপরদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।