‘আমেরিকান ড্রিম’–এ জায়েদ খানের অভিনয় দারুণ প্রশংসিত

ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান কিছু মাস ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের কাজ করতে দেখা যায়। ছবিটি নিয়ে আলোচনার মধ্যেই জায়েদ খান নিজে ফেসবুকে তার নতুন কন্টেন্টের পোস্টার প্রকাশ করেন, যা অনেকের খটকা দূর করে।
শুক্রবার (৬ মার্চ) নিউ ইয়র্কভিত্তিক প্রবাসী সংগঠন ‘ঠিকানা’ আড়াই মিনিটের একটি শর্টফিল্মের মাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করে। শর্টফিল্মটির নাম ‘আমেরিকান ড্রিম’, নির্মাণ করেছেন সংগীতশিল্পী জন কবির। জায়েদ খান এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
ঠিকানা জানায়, ৩৭ বছর ধরে তারা প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরছে। এবার সেই গল্প বলার নতুন মাধ্যম হিসেবে তাদের প্রথম অরিজিনাল শর্টফিল্ম তৈরি হয়েছে।
শর্টফিল্মটি প্রবাসীদের জীবনের ‘আমেরিকান ড্রিম’—শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা—কে ফুটিয়ে তুলেছে। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ সিরিজের প্রথম পর্বে সেই যাত্রার একটি সংক্ষিপ্ত ঝলক দেখানো হয়েছে।
মাত্র আড়াই মিনিটের এই শর্টফিল্মে জায়েদ খানের অভিনয় এবং অভিব্যক্তি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনরা বলছেন, এতটা বাস্তবভাবে তাকে আগে কেউ দেখায়নি। জনসাধারণ তার নতুন কাজের প্রশংসা করছেন।
দৈএনকে/জে, আ