বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের চারটি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ফ্লাইট স্থগিত থাকা রুটগুলো হলো দোহা (কাতার), শারজাহ (সংযুক্ত আরব আমিরাত), কুয়েত এবং দাম্মাম (সৌদি আরব)।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের সঠিকভাবে অবগত করার জন্য ফ্লাইট স্থগিত থাকার বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।
বোসরা ইসলাম আরও বলেন, পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর ফ্লাইটগুলো পুনরায় চালু করা হতে পারে। বিমান সার্বক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করবে।
ফ্লাইট সম্পর্কিত যেকোনো হালনাগাদ তথ্য জানতে যাত্রীরা বিমান কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।