সমালোচনার জবাবে ক্ষমা চাইলেন বাদশা

সম্প্রতি র্যাপার বাদশার নতুন হরিয়ানভী গান ‘টটীরী’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পরই তুমুল বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, গানটির কথায় নারীদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর ইঙ্গিত রয়েছে। বিষয়টি নিয়ে উত্তেজনা কমেনি; পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, বাদশার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়।
চারদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নীরবতা ভেঙে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এই গায়ক। ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও বার্তা শেয়ার করে বাদশা বলেন, ‘নতুন গানটি প্রকাশের পর আমি জানতে পেরেছি যে, বিশেষ করে হরিয়ানার অনেক মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে।’
‘আমি নিজেও হরিয়ানার সন্তান এবং আমার পরিচয়ের বড় একটি অংশ জুড়ে রয়েছে এই রাজ্যের সংস্কৃতি। আমি সবার কাছে বিনম্রভাবে ক্ষমা চাইছি।’
তার কথায়, ‘আমার উদ্দেশ্য কখনোই হরিয়ানার কোনো নারী বা শিশুকে অসম্মান করা ছিল না। হিপ-হপ ঘরানার গানে অনেক সময় প্রতিদ্বন্দ্বীকে আক্রমণাত্মকভাবে আক্রমণ করার একটি প্রবণতা থাকে এই গানের ক্ষেত্রেও সেই ভাবনা থেকেই কিছু লাইন লেখা হয়েছিল।’
তিনি আরও জানান, এর আগেও বহুবার তিনি হরিয়ানার সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরেছেন এবং এবারও লক্ষ্য তেমনটাই ছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য, এটাই বাদশার প্রথম বিতর্ক নয়। কয়েক বছর আগে পদ্মশ্রী রতন কাহারের কালজয়ী গান ‘বড়লোকের বিটি লো’-এর রিমিক্স তৈরি করে আইনি ও সামাজিক রোষানলে পড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন এই বিপত্তি বাদশার ক্যারিয়ারে আবারও নেতিবাচক প্রভাব ফেলল।
দৈএনকে/জে, আ