দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলী ওরফে ছালেহ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় মরদেহ গ্রহণ থেকে শুরু করে সিলেটের মৌলভীবাজারে তার নিজ বাড়িতে পৌঁছানো পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিমানযোগে মরদেহ সিলেট নেওয়া হবে। সেখান থেকে মৌলভীবাজারে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
নিহত আহমদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। সম্প্রতি ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৌলভীবাজারে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।